মেসি কাণ্ডে চাপ আরও বাড়ল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। এবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সোজা চলে গেলেন পুলিশ কর্তারা। সূত্রের খবর, মন্ত্রীর বাড়িতে দুটি নোটিস সাঁটিয়ে দিয়ে আসা হয়েছে পুলিশের তরফে। বাড়ির দরজায় ওই নোটিস দুটি সাঁটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মেসিকাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন অরূপ। কিন্তু সেই সময়সীমা দিতে নারাজ বিধাননগর পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে দু’টি নোটিস অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ সাঁটিয়ে দিয়ে এসেছে তাতে সাফ বলে বলা আছে, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই সোমবার বেলা ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে। গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ। সোমবার ১১টার মধ্যে হাজিরা না দিলে অরূপের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে ইঙ্গিত পুলিশের তরফে।

