জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ সম্ভবত আত্মঘাতীই হয়েছেন হেমতাবাদের বিধায়ক। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ময়নাতদন্তের পর জানা গিয়েছে, মৃতের গলায় কালশিটে দাগ এবং বাঁ হাতে ক্ষতচিহ্ন রয়েছে। ফলে প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই করা হচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মৃতের পকেটে থাকা সুইসাইড নোটটি বিধায়কের নিজের হাতেই লেখা। যা দেখে সুদের কারবারের বিষয় সামনে এসেছে। আত্মহত্যার ঘটনার সঙ্গে সুদের কারবারের কোনও সম্পর্ক আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে ওই সুইসাইড নোটে দু’জনের নাম রয়েছে। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিনি ব্যাংকিং বা পেরা ব্যাংকিং যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র সচিব। সিআইডির হাতে তদন্ত ভার রয়েছে। এই তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ হবে বলেও দাবি করেছেন তিনি।

