রাম মন্দিরের অনুদান তছরুপের ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল কংগ্রেস ৷ রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ তাঁদের দাবি, তছরুপের ঘটনায় মন্দিরে আসা লক্ষ লক্ষ ভক্ত নিজেদের প্রতারিত বলে মনে করছেন ৷ তাঁদের আস্থায় আঘাত লেগেছে ৷ আর তাই অযোধ্যার রামমন্দিরের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ের তদন্ত হওয়া উচিত বলে তাঁরা মনে করেন ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে খাড়গে লেখেন, “শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেন থেকে শুরু করে অন্য বিষয়গুলি নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা যৌথভাবে চিঠি দিয়েছি । বিশ্বাস-ভক্তি ও আস্থা নিয়ে যাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ মন্দিরে দান করেছিলেন, সেই লক্ষ লক্ষ ভক্ত তছরুপের ঘটনায় নিজেদের প্রতারিত বোধ করছেন । এই ঘটনার তদন্ত হওয়া একান্ত আবশ্যক ৷” চিঠিতে আরও বলা হয়েছে, “সুপ্রিম কোর্টের নির্দেশে আপনি সংসদে এই ট্রাস্ট গঠনের কছা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু এই ট্রাস্টের সদস্যদের আপনার সরকারই নিজেরা নিযুক্ত করেছে । সকলেই জানে ট্রাস্টের সদস্যরা আরএসএস (RSS), বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং তাদের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত । শুধু তাই নয়, এই ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদককে নিয়ে অতীতে নানা বিতর্ক হয়েছে ৷ তিনি আপনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ।” কংগ্রেস নেতারা আরও দাবি করেছেন, এত বড় একটা অপরাধ হয়ে গেল অথচ প্রধানমন্ত্রী কোনও কথা বলছেন না- এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । তছরুপের ঘটনায় জবাবদিহি করা প্রধানমন্ত্রীর দায়িত্ব সে কথা মনে করিয়ে দিয়ে হাত শিবিরের দাবি, তাঁকেই দেখতে হবে যাতে যথাযথ তদন্ত হয় এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পায় ৷ চিঠির একটি অংশে কংগ্রেস নেতারা লেখেন, “আমরা আপনাকে অনুরোধ করছি, ট্রাস্টের আর্থিক বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিন । মন্দিরে জমা পড়া নগদ অর্থ, সোনা ও রুপো-সহ সমস্ত দান কোথায় গিয়েছে সেটাকেও তদন্তের অংশ করতে হবে ৷ টাকা কোন কাজে ব্যবহৃত হয়েছে সেটাকেও আনতে হবে তদন্তের আওতায় ৷”
রামমন্দিরে অনুদান তছরুপ কাণ্ডের তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি রাহুল-খাড়গের
Byবঙ্গনিউজ
Jul 19, 2026
