বৃষ্টি থামতেই পড়বে গরম ৷ তবে কি চৈত্রের শেষে গরমের অস্বস্তি টের পাবেন দক্ষিণবঙ্গবাসী ? এ প্রশ্নের উত্তরে আলিপুর হাওয়া অফিস খোলসা করে জানাল আপাতত সমতলে দুর্যোগ পরিস্থিতি চলবে ৷ দিন দুই পরই বঙ্গের ক’য়েকটি জেলা বাদে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে ৷ আর বৃষ্টি থামতেই চড়বে পারদের কাঁটা । তবে আজ আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে উত্তরবঙ্গের জন্য ৷

বঙ্গে দুর্যোগ পরিস্থিতির কারণ

  • পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর-পূর্ব বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে; যা উত্তর বাংলাদেশ, মেঘালয় ও দক্ষিণ-পূর্ব অসমের উপর দিয়ে গিয়েছে । এর পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে । বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আজ (মঙ্গলবার) বজ্রপাত-সহ ঝড় বাড়বে ।
  • আজ কোথাও কোথাও দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বিকেলে ঝড়-বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন ?

  • 31 মার্চ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, দুই 24 পরগনা এবং বাঁকুড়ায় বজ্রপাত ও দমকা হাওয়া (50-60 কিমি/ঘণ্টা) বইতে পারে । বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে । অন্যান্য জেলায় 40-50 কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত-সহ ঝড় হতে পারে ।
  • 1 এপ্রিল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে । বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা ।
  • 2 থেকে 4 এপ্রিল অর্থাৎ বৃহস্পতি-শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া ।
  • রবিবার 5 এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় এক-দু’জায়গায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যান্য জেলায় ওইদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । এরপর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টি কমে গরম বাড়বে ।

উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ

  • উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা । আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে । আজ উপরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশিরভাগ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও 40-50 কিমি বেগে দমকা হাওয়া, শিলাবৃষ্টিও হতে পারে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে । পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ।
  • বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে । ক’য়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ।
  • 2 এপ্রিল বৃহস্পতিবার বৃষ্টি আরও কমে গিয়ে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, তবে উপরের পাঁচটি জেলায় বজ্রপাত-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে ।
  • শুক্র থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, ক’য়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ।