হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ শুক্রবার তৈরি হতে পারে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সেটি ঘনীভূত হবে বলে প্রাথমিকভাবে খবর। এছাড়াও মৌসুমি অক্ষরেখা দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে নয়া বঙ্গের। এমনই মনে করছে আবহবিদরা। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় । সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । তবে আগামিকাল বৃহস্পতিবার থেকে ক্রমশ কমবে বৃষ্টি । উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । আগামিকাল অবধি বৃষ্টি কম থাকলেও শুক্র ও শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে । আইএমডি জানিয়েছে, 11 সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । ফলস্বরূপ রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি ।

দক্ষিণবঙ্গ

আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনায় । বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস হইতে পারে ।আগামিকাল বৃহস্পতিবার থেকে অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই । তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে ।

উত্তরবঙ্গ

আজ ও আগামিকাল অর্থাৎ, বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু-এক জায়গায় । আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে নীচের দিকের তিন জেলাতে । শুক্র ও শনিবার ফের উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে ।