আলিপুর আগেই জানিয়েছিল শনিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গেও বর্ষণের তীব্রতা এবং স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি হয়েও গিয়েছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন- বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও অন্যান্য জেলায় বৃষ্টি বাড়বে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ৮ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল রবিবার আরও বাড়বে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে শক্তিশালী দখিনা বাতাসে ভর করে ভূখণ্ডে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তার জেরেই আর রাজ্য জুড়ে চলছে এই বৃষ্টিপাত। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও। এছাড়া ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে অবস্থার উন্নতি হবে উত্তরবঙ্গে।
