আম আদমি পার্টি তথা আপ-র সাতজন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান ও তাদের দলবদলের প্রস্তাব অনুমোদন করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন। এর ফলে সংসদের অঙ্কে বড়সড় পরিবর্তন দেখা গেল। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ছিল ১০৬—তা বেড়ে দাঁড়িয়েছে ১১৩-এ। অন্যদিকে, একসময় ১০ জন সাংসদ থাকা আপ এখন নেমে এসেছে মাত্র ৩-এ। জানা গিয়েছে, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা ও বিক্রমজিৎ সাহনি—এই সাত সাংসদ দল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং পরে তাঁদের ‘মার্জার’ বা দলবিলয়ের আবেদন গ্রহণ করা হয়। বর্তমানে রাজ্যসভার ওয়েবসাইটে এই সাত জন কে বিজেপি সাংসদ হিসেবেই দেখা যাচ্ছে। এই ঘটনায় শুধু বিজেপির শক্তিই বাড়েনি, বরং এনডিএ জোটের মোট সংখ্যাও রাজ্যসভায় বেড়ে প্রায় ১৪৮-এ পৌঁছেছে, যা আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

