বারুইপুরের বহুচর্চিত নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে ঘিরে তদন্তে তৎপর হয়েছে প্রশাসন। ঘটনাটির প্রতিটি দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের নামের তালিকা তৈরি করেছে ভবানী ভবন। পাশাপাশি, যে পুলিশকর্মীর গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, তাঁর সঙ্গেও পৃথকভাবে কথা বলেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ঘটনার সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কোন পরিস্থিতিতে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানতে প্রত্যেক পুলিশ আধিকারিকের বক্তব্য আলাদা করে নথিভুক্ত করা হচ্ছে। বারুইপুর জেলা পুলিশ সুপার নিজেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন এবং তাঁদের বয়ান রেকর্ড করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার প্রকৃত চিত্র সামনে আনতেই জেলা পুলিশের তরফে একটি আভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনার সময়কার প্রতিটি মুহূর্ত, পুলিশি পদক্ষেপ, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিযুক্তের আচরণ— সবকিছুই খুঁটিয়ে দেখছেন। পুলিশের দাবি, এই তদন্তের উদ্দেশ্য হল ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ মূল্যায়ন করা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত প্রায় 12টা 45 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এরপরই গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্তের দায়িত্ব নেয় বিশেষ তদন্তকারী দল (সিট)। সিট ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট পুলিশকর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেছে।

অন্যদিকে, বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও অভিযোগ না থাকলেও, নিয়ম মেনেই ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এদিকে আজ কলকাতা মেডিক্যাল কলেজে বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্ত‌ হবে। ময়নাতদন্তের জন্য 3 সদস্যের বিশেষ বোর্ড গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনে এই বোর্ড গঠন করা হয়েছে। ময়নাতদন্তের বিশেষ বোর্ডে রয়েছেন 3টি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা। রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর শাশ্বত বিশ্বাস, এনআরএস মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সায়ক শোভন দত্ত এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রফেসর অলোক মজুমদার। নির্দিষ্ট নিয়ম মেনে ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিয়োগ্রাফি করা হবে।