রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং তার আশেপাশের এলাকা। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আবহাওয়া দপ্তর (IMD) ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে সেখানে। সঙ্গে জানানো হয়েছে, রবিবার দিনভর মুম্বই ও তার আশেপাশের এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) স্থাীয়দের বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পুর কর্তৃপক্ষ। রবিবার সকালে মুম্বইয়ের মেট্রো এবং বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও দেরিতে চলছে লোকাল ট্রেন। বন্যা পরিস্থিতিতে যে কোনও সাহায্যের জন্য পুরসভার তরফে একটি হেল্পলাইন নম্বর ১৯১৬-এ চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, রবিবার বিকেল এবং সোমবার ভোরের সমুদ্রে বড় জোয়ার বা হাই টাইড আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে নিচু এলাকা ও উপকূলের বাসিন্দাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

