আজ সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সল্টলেকে জল সরবরাহ বন্ধ থাকবে। বিধাননগর পুরসভা সূত্রে খবর, সেন্ট্রাল পার্কের মূল ভূগর্ভস্থ জলাধারে আরও দু’টি পাম্প বসানোর কাজ করা হবে। তার জেরে জলাধার খালি করা হবে। সে কারণে ওই সময়ে জল সরবরাহ বন্ধ রাখা হবে। জল বন্ধের জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সেক্টর-১-এ। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তথা জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত তুলসী সিনহা রায় বলেন, রাত ১১টার পর পুরসভার তরফে জল সরবরাহ শুরু করে দেওয়া হবে। পুর এলাকায় জল সরবরাহের অধিকাংশই যায় সেন্ট্রাল পার্কের জলাধার থেকে। দিনের হিসেবে প্রায় ৭৫ লক্ষ গ্যালন।