বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় রদবদল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। মঙ্গলবার সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করেন সম্রাট। পাশাপাশি, বিজেন্দ্র যাদব এবং বিজয় চৌধুরীও এ দিন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সম্রাটই বিহারের প্রথম BJP শাসিত সরকারের মুখ্যমন্ত্রী হলেন।
সম্রাট চৌধুরীর আসল নাম ছিল রাকেশ কুমার। পরবর্তীকালে তিনি নিজের নাম পরিবর্তন করে সম্রাট চৌধুরী রাখেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবার রাবড়ি দেবীর সরকারে মন্ত্রীত্ব পেয়েছিলেন। এরপর থেকে তাঁর বয়স নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কারণ, ভারতীয় সংবিধান অনুসারে ২৫ বছরের নীচে কোনও ব্যক্তি মন্ত্রী হতে পারেন না। ২০০০ ও ২০১০ সালে বিধায়ক নির্বাচিত হওয়া এই নেতা দীর্ঘ সময় আরজেডির বিরোধী দলের চিফ হুইপ হিসেবেও কাজ করেছেন। তবে ২০১৪ সালে তিনি জেডিইউ-তে যোগ দেন এবং জিতন রাম মাঁঝির সরকারের মন্ত্রী হন। পরবর্তীতে ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর সম্রাট চৌধুরী দলের রাজ্য সভাপতি এবং বিধান পরিষদে বিরোধী দলের নেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নীতীশ সরকারের দুবারের উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। একদা নীতীশকে গদিচ্যুত করার পণ নিয়ে পাগড়ি পরেছিলেন সম্রাট। ২০২২ সালে নীতীশ কুমার যখন বিজেপি ছেড়ে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন, তখন সম্রাট প্রতিজ্ঞা করেছিলেন নীতীশকে কুর্সি থেকে না সরানো পর্যন্ত তিনি মাথায় পাগড়ি বাঁধবেন। তবে পরে বিহারের উপমুখ্যমন্ত্রী হয়ে নীতীশের সঙ্গে সম্পর্ক ভালো হয় সম্রাটের। নীতীশ এনডিএ-তে ফিরে আসায় অযোধ্যায় গিয়ে রামলালার চরণে সেই পাগড়ি উৎসর্গ করে এসেছিলেন সম্রাট। দু’দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজপাট সামলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ১৬ মার্চ রাজ্যসভার ভোটে জেতার পরে তিনি ১৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে সম্রাট চৌধুরীকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করেন বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন নীতীশ কুমার এবং বিহারের বিজেপি পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে নতুন সরকার গঠনের আবেদন জানান সম্রাট। রাজ্যপাল সেই আবেদন গ্রহণও করেন। এ দিন সম্রাটের পাশাপাশি বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরীও ডেপুটি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত, এই প্রথম রাজ্যে JDU-র দুই সদস্য ডেপুটি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন,, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিনোদ তাউড়ে-সহ আরও অনেকেই এই শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

