শিয়ালদা স্টেশন চত্বরে আগুন। সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যস্ত স্টেশনের বাইরে থাকা ফুডপ্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ সোমবার সকালে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌঁছয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ এদিন সকাল সাড়ে 9টা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার গেটের পাশে ওই ফুডপ্লাজা থেকে আচমকা ধোঁয়া বেরতে শুরু করে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পৌঁছন রেল পুলিশের আধিকারিকরাও। ফুডপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে দমকল। 3টি ইঞ্জিন ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে ৷ এদিকে, সপ্তাহের শুরুর প্রথম কাজের দিনে ব্যস্ত স্টেশন চত্বরে তাড়াহুড়ো ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কালো ধোঁয়া বের করে দেওয়ার জন্য দমকলকর্মীরা ফুডপ্লাজার কাচ ভেঙে ফেলেন। সেখানে অনেক দোকান রয়েছে । দমকল আধিকারিকদের কথায়, “প্রাথমিকভাবে ফুডপ্লাজার রান্নাঘর থেকেই আগুন লেগেছে । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফুডপ্লাজায় এখনও ধোঁয়া রয়েছে এবং বর্তমানে শীতলীকরণ প্রক্রিয়া (কুলিং প্রসেস) চলছে। সূত্রের খবর, আগুন নেভানোর সময় দমকল বাহিনীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কর্মকর্তাদের মতে, ফুডপ্লাজার অগ্নিনির্বাপণ ব্যবস্থাটি কাজ করেনি। পাশাপাশি, শিয়ালদহ স্টেশন থেকেও মেলেনি জল। শেষ পর্যন্ত দমকলের ইঞ্জিনে করে আনা জলেই কাজ সারেন তাঁরা। ঘটনার সময়ে বন্ধ ছিল ফুড কোর্ট। সেই কারণে বড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে খবর।

