বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোট। সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন নরেন্দ্র মোদী। ডমরু, কাঁসর ঘণ্টা এবং শঙ্খধ্বনির আবহে প্রধানমন্ত্রীকে মন্দিরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মন্দির চত্বরে। মহাদেবের চরণে আরতি ও প্রার্থনা সেরে তিনি উত্তরপ্রদেশের উন্নয়নের মুকুটে আরও একটি পালক যোগ করতে রওনা হন। এদিন উত্তরপ্রদেশের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ৫৯৪ কিলোমিটার দীর্ঘ ‘গঙ্গা এক্সপ্রেসওয়ে’-র শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। আপাতত এটি ছয় লেনের রাস্তা হলেও ভবিষ্যতে তা আট লেন পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যমে লিখেছেন, “এই এক্সপ্রেসওয়ে রাজ্যের উন্নয়নের যাত্রায় এক নতুন শক্তি জোগাবে। এটি গ্রাম, কৃষক, উদ্যোক্তা এবং যুবকদের সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হয়ে উঠবে।” কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরীও এই প্রকল্পকে আধুনিক পরিকাঠামোর এক অনন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন।