শ্রাবণের সোমবারে মন্দিরে উপচে পড়া ভিড় ৷ তার চাপেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জনের ৷ ঘটনায় আহত বেশ কয়েকজন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাই জেলায় অবস্থিত অশোক ধাম মন্দিরে ৷ এখন পর্যন্ত মৃত ১০ জনের মধ্যে মাত্র চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে । তাঁরা হলভ- হেমলতা দেবী, রিঙ্কু দেবী, মনমালা দেবী এবং মধুবালা দেবী । হিন্দি পঞ্জিকা অনুযায়ী আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ৷ সেই উপলক্ষে ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদনের জন্য মন্দিরে প্রায় ৫০ হাজার ভক্ত জড়ো হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ অত্যধিক ভিড়ের কারণে এই দুর্ঘটনা । জানা গিয়েছে, বিদ্যুতের তার-সহ একটি খুঁটি ভেঙে পুণ্যার্থীদের ওপর পড়ার পরই এই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে । এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ভিড়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং পুণ্যার্থীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন । ঘটনাটি ঘটে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে । শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিব মন্দিরে প্রচুর ভিড় ছিল; ঠিক সেই সময়েই দু’টি ট্রেনে করে প্রচুর পুণ্যার্থী লখিসরাই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছন । ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এক্স পোস্টে তিনি লেখেন,”বিহারের লখিসরাই জেলায় পদদলিত হয়ে ভক্তদের মৃত্যুর সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক । আমি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।”

