banganews.net

ভারী বৃষ্টির মধ্যে ধসে পড়ল চারতলা ভবনের একাংশ ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে খবর ৷ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনূর ভবনে ৷ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পরপরই ভিওয়ান্ডির দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছেন । তাঁরা আরও জানান, একটি ডগ স্কোয়াড, দমকলের চারটি ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয় । শুরুতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, আজ সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও আটটি মৃতদেহ উদ্ধার করায় সকাল 10টা নাগাদ মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায় । প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবনটিতে মোট 48টি ঘর ছিল ৷ প্রতি তলায় ঘরের সংখ্যা 12টি । মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ভবনটিকে আগেই ‘ক্যাটাগরি সি’ (Category C) বা বিপজ্জনক ও জরাজীর্ণ কাঠামোর তালিকাভুক্ত করেছিল এবং এটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল । পৌর কর্তৃপক্ষের দেওয়া সেই নোটিশ পেয়ে অধিকাংশ বাসিন্দা ভবনটি ছেড়ে চলে গেলেও, মেরামতের কাজ চলাকালীন একটি পরিবার ভেতরেই থেকে গিয়েছিল বলে জানা গিয়েছে । ভবনের একাংশ যখন হঠাৎ ধসে পড়ে, তখন সেখানে কর্মরত শ্রমিকরাও উপস্থিত ছিলেন । আধিকারিকরা আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও 2-3 জন আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ।

এ বছর মুম্বই থেকে শুরু করে গোটা মহারাষ্ট্রেই বৃষ্টির জেরে একের এক অপ্রীতিকর ঘটনা ঘটছে ৷ মৃতের সংখ্য়াও পাল্লা দিয়ে বাড়ছে ৷ দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ের পরিস্থিতি বেশ খারাপ ৷ বর্ষার শুরু থেকেই একাধিকবার প্লাবিত হয়েছে টিনসেল টাউন ৷ জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ ঝড়বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়ে রাস্তাও বন্ধ থেকেছে দীর্ঘক্ষণ ৷ এবার বৃষ্টির জেরে ভিওয়ান্ডির বালাজি নগরে ভেঙে পড়ল চারতলা ভবন ৷