banganews.net

নদীর জলোচ্ছ্বাস কমার লক্ষণে সাময়িক স্বস্তি দেখা দিলেও অসমে বন্যা পরিস্থিতির রূপ এখনও ভয়াবহ। ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।বুধবার অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ (ASDMA)-এর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নতুন করে শিবসাগর জেলায় দু’জন এবং গোলাঘাটে একজনের মৃত্যুর খবর মিলেছে। এর ফলে চলতি বছর বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ । সাতটি জেলার প্রায় তিন লক্ষ মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন। সরকারি হিসাব মতে, ২১টি রাজস্ব সার্কেলের ৫৫১টি গ্রাম পুরোপুরি জলমগ্ন। সেই সঙ্গে প্রায় ২১,৫২৩ হেক্টর জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। চরাইদেও জেলায় সবচেয়ে বেশি, প্রায় ১ লক্ষ ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১,০০০-এর বেশি গবাদি পশু ভেসে গিয়েছে এবং হাজার হাজার গবাদি পশু বানের জলে প্রভাবিত। জলমগ্ন গুয়াহাটির বেশ কিছু এলাকাও। গৃহহীন ১৬ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ৭১টি ত্রাণশিবিরে। আবার নতুন করে বৃষ্টির সতর্কতা জারি।