বরযাত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল সোজা পুকুরে ৷ ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন যুবকের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ওড়িশার ঢেঙ্কানাল সদর থানা এলাকার ছাতিয়া গ্রামে । বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরযাত্রীর গাড়িটি মোতাঙ্গা বাঙ্গুরুসিং থেকে ইন্দিপুরের দিকে যাচ্ছিল । সেসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায় । গাড়িতে সাতজন যুবক ছিলেন ৷ যাদের মধ্যে দু’জনকে গ্রামবাসীরা নিরাপদে উদ্ধার করেন । আর পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ নিহতরা হলেন বাংরুসিং গ্রামের বাসিন্দা গাড়ির চালক চন্দ্রকান্ত সোয়াইন এবং সিমিনাই গ্রামের বাসিন্দা অবিনাশ সাহু, রাকেশ সাহু, শ্রীরাম সাহু ও অভিজিৎ সাহু । তাঁদের সবার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে । উদ্ধার হওয়া যুবকরা হলেন বাঙ্গুরুসিং গ্রামের বাসিন্দা বাবুল সাহু ও সৌম্য রঞ্জন সাহু । তাঁদের ঢেঙ্কানাল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । যুবকদের উদ্ধারকারী প্রকাশচন্দ্র বারিক বলেন, “রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে । বিয়েবাড়ির একটি গাড়ি মোতাঙ্গা থানার অন্তর্গত বাঙ্গুরুসিং গ্রাম থেকে সদর থানার অন্তর্গত ইন্দিপুর গ্রামে যাচ্ছিল । দ্রুতগতিতে থাকা গাড়িটি আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে পুকুরে পড়ে যায় । খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করি । গাড়ির দরজা ভেঙে ওই যুবকদের পুকুর থেকে উদ্ধার করা হয় । গাড়িতে থাকা মোট সাতজন তরুণের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় এবং দুটজনকে নিরাপদে উদ্ধার করা হয় । উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে তাঁদের ঢেঙ্কানাল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।” আহতরা ঢেঙ্কানাল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এদিকে, ঢেঙ্কানাল সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে । পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ।

