বৃহস্পতিবার প্রবল বৃষ্টি ও ঝড়ের মাঝে ধসে পড়ল নির্মীয়মাণ সেতুর স্ল্যাব ৷ উত্তরপ্রদেশের হামিরপুরের বেতওয়া নদীর উপর সেতু তৈরির কাজে নিযুক্ত বেশ কয়েকজন শ্রমিক ঘুমোচ্ছিলেন ৷ স্ল্যাব ভেঙে পড়তেই মৃত্যু হয় ছয় শ্রমিকের ৷ ভেঙে পড়া অংশের নীচে এখনও বেশ ক’য়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে খবর প্রশাসন সূত্রের ৷ চলছে উদ্ধারকাজ ৷ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ জানিয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, প্রশাসন ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছয় । হামিরপুরের পুলিশ সুপার অরবিন্দ কুমার জানিয়েছেন, স্ল্যাবটি ধসে পড়ায় ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ প্রাথমিক অনুমান, এখনও ক’য়েকজন শ্রমিক এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন । তাঁদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চলছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) রয়েছে, পুলিশ ও প্রশাসনের তরফে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ লালপুরা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাজেশ কুমার সরোজ বলেছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে অন্য কোনও শ্রমিক আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে ভেঙে পড়া অংশগুলি সরানোর কাজ চলছে ।