মুর্শিদাবাদে: খোলা লেভেল ক্রসিং পেরনোর সময় স্কুল-গাড়িতে ট্রেনের ধাক্কা । মর্মান্তিক দুর্ঘটনায় মুর্শিদাবাদে মৃত্যু তিন স্কুল পড়ুয়া-সহ পাঁচজনের মৃত্যু । গুরুতর জখম ৬ পড়ুয়া । ঘটনাস্থলে মৃতরা হল – জামসেদ শেখ (73), ফারহানা বেগম (6), জেসিক খাতুন (8) ৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় – ইসানুর রহমান (9) ও তামান্না খাতুন (8) এই দু’জনের ৷রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী ৷ তিনি ঘটনাস্থল থেকে রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে জানান, উনি গেটম্যানকে গ্রেফতার করার কথা বলেছেন ৷ সকলকে আশ্বাস দিতে বলেছেন রেল প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ৷ শুক্রবার সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়া বিভাগের আজিমগঞ্জ-কাটোয়া শাখার গোবিন্দপুর রেল গেটে । আহতদের মধ্যে তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিদের ভর্তি করা হয় স্থানীয় কর্ণসুবর্ণ গ্রামীণ হাসপাতালে । স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর গাফিলতির জেরেই এই ঘটনাটি ঘটেছে । তিনি গেটটি খোলা রেখেছিলেন বলেই স্কুল গাড়িটি ঢুকে পড়ে ৷ এই দাবিকে সামনে রেখে গেটম্যানকে ঘেরাও করে রাখেন তাঁরা । ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ পাশপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন ডিআরএম থেকে শুরু করে রেলের একাধিক শীর্ষকর্তা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি স্কুলভ্যান 13 পড়ুয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিল । সেই সময় আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস বেরিয়ে যাবার পর গেটম্যান রেলগেট তুলে দেন । কিন্তু প্রতিদিন এখানেই নবদ্বীপ ধাম এক্সপ্রেসের সঙ্গে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ক্রসিং হয় । এদিনও তাই হয়েছে ৷ অথচ রেলগেট খোলা ছিল ৷ তাই ট্রেন আসছে সে কথা না জেনেই পুলকারটি ঢুকে পড়ে । এরপর গেটম্যান ফের রেলগেট নামিয়ে দেয় ।
ততক্ষণে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কায় পুলকারটি দুমড়ে মুচড়ে গিয়েছে । স্থানীয় মানুষ ছুটে এসে স্কুল পড়ুয়াদের উদ্ধার করেন । গেটম্যান নেশাগ্রস্ত ছিল বলে দাবি স্থানীয়দের । যদিও এ দাবি প্রসঙ্গে রেলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ৷ রেলগেট বন্ধ না থাকায় ওই স্কুল ভ্যান লেভেল ক্রসিং পেরনোর সময় আচমকা ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

