স্ত্রী গৌরী এবং ছেলে অ্যাব্রামও শাহরুখের সঙ্গেই দেশে ফিরলেন। বুধবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল শাহরুখের। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরলেন তিনি। নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়েই বেরোলেন বিমানবন্দর থেকে। বিমান বন্দরে দেখা মিলল শাহরুখের স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে অ্যাব্রামেরও। কাকভোরেও শাহরুখদর্শনে বিমানবন্দরে তখন উপচে পড়ছে ভিড়। পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশে চোখ খুলে রাখা দায়। তার মধ্যেও বরাবরের মতো অমায়িক থাকলেন শাহরুখ। একবার ইশারা করে ফ্ল্যাশ বন্ধ করার ইঙ্গিতও দিলেন। তবে অন্য সময় বিমানবন্দরে অনুরাগীদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান শাহরুখ। অটোগ্রাফও বিলোন অকাতরে। তবে এদিন কোনও দিকে তাকাননি তিনি। সটান নিজের গাড়িতে গিয়ে ওঠেন। তবে গালে টোল-সহ সেই হাসির দেখা পান সকলেই।
গতকাল অর্থাৎ মঙ্গলবার আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে শাহরুখ খান নাকি আহত হয়েছেন শ্যুটিং করতে গিয়ে। আমেরিকায় তাঁর নাকে অস্ত্রোপচার হয়েছে এমন কথাও জানা যায়। কিন্তু বুধবারেই সম্পূর্ণ পাল্টে গেল ছবিটা। বুধবার সকালে দেখা যায় এয়ারপোর্ট থেকে স্ট্রেচার বা হুইলচেয়ারে নয় বরং নিজের পায়ে হেঁটেই দিব্যি বেরিয়ে আসছেন শাহরুখ। ঠিক কী হয়েছিল শাহরুখের, কতটা আঘাত পেয়েছিলেন তিনি, যা এখনও পরিষ্কার নয়।

