ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী ৷ তিনি উপভোক্তা ও গণবণ্টনের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের বাড়তি দায়িত্ব সামলাবেন ৷ নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি) ৷ শনিবার শেষপর্যন্ত ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের 75 নং অনুচ্ছেদের (2) ধারা অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ অনুযায়ী ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ যোশীকে তাঁর বর্তমান দফতরের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে ৷ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে নিট-ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁস নিয়ে সপ্তাহব্যাপী দেশজুড়ে আন্দোলনের নাটকীয় রাজনৈতিক পরিসমাপ্তি ঘটে। কেন্দ্র এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে একাধিক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত তিনটি দাবিই মেনে নেই সরকার এবং পদত্যাগ করেন ধর্মেন্দ্র ৷ সিজেপি ধারাবাহিকভাবে বলে আসছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগই তাদের প্রধান দাবি ৷ সেই অবস্থান থেকে কোনওভাবেই সরবে না তারা ৷ এরপরেই এদিন বিকেলে প্রথমে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং তারপর সিজেপি-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাকি দুই দাবিও মেনে নেয় সরকার ৷ তারপরেই আন্দোলন প্রত্যাহার করে সিজেপি ৷ সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের তিনটি প্রধান দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার এবং নিট প্রশ্ন ফাঁসের পর চরম সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ৷ সব দাবি মেনে নিয়েছে সরকার ৷ তাই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে ৷

