৮ জুলাই জীবনের এক রঙিন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই সেলেব দম্পতি। মিস টু মিসেস হয়ে সমাদ্দার বাড়ির রাঙা বউ হলেন শ্রুতি। বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। রবিবার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রুতি-স্বর্ণেন্দু দুজনেই। সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। একেবারে চুপচাপ কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেললেন শ্রুতি ও স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ত্রিনয়নী সিরিয়ালের মাধ্যমেই শ্রুতি ও পরিচালকের পরিচয় হয়। শ্রুতি এই সিরিয়াল দিয়েই ডেবিউ করেন টেলি দুনিয়ায়। নিজেদের প্রেম কাহিনি নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি শ্রুতি বা স্বর্ণেন্দু কেউ। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার সেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করেছেন তারা। পরিবার ও কিছু ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেললেন শ্রুতি-স্বর্ণেন্দু।

