শুভেন্দু অধিকারী সরিয়ে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে। ব্যাঙ্কের পরিচালন সমিতির ১৪ জন সদস্যের সহমতের ভিত্তিতে এদিন তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল। গত মাসেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে। এবার সরানো হল বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি মাসের ৭ তারিখে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের মোট সদস্য সংখ্যার তিন ভাগের এক ভাগ শুভেন্দুকে সরাতে অনাস্থা প্রস্তাব জমা দেন ব্যাঙ্কের সচিবের বৃহস্পতিবার বাকি সদস্যদের নিয়ে তলবি সভার ডাক দিয়েছিলেন সচিব। সেই সভায় উপস্থিত হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকেও চিঠি পাঠানো হয়েছিল। বেলা ১১টায় এই সভা শুরু হওয়ার কথা ছিল। বিরোধী দলনেতার জন্য আরও আধ ঘণ্টা অপেক্ষা করা হয়। কিন্তু তিনি আসেননি। এর পরেই অনাস্থা ভোট শুরু হয়। পরিচালন সমিতির মোট ১৭ সদস্যের মধ্যে ১৪ জন এদিন উপস্থিত থেকে ভোট দিয়েছেন। সকলেই একবাক্যে শুভেন্দু অধিকারীর অপসারণ চান চেয়ারম্যান পদ থেকে। সেই মতো ব্যাঙ্কের সচিব সহমত সংগ্রহ করে নির্দিষ্ট রেজিলিউশন পাঠিয়েছেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তাদের কাছে। তবে চেয়ারম্যান পদ চলে গেলেও পরিচালক বোর্ডের সদস্য হিসাবে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকছেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী পরবর্তী সভাগুলিতে উপস্থিত না থাকলে তাঁর সেই পদটিও আর থাকবে না বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

