SIR-এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম। কারণ রাজ্য নাকি ‘অনুপ্রবেশকারী’তে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই টার্গেট পূরণ না হলেও বাংলায় উদ্বেগজনকভাবে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আরও চমকপ্রদ বিষয় হল বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলার তুলনায় বেশি নাম বাদ যাচ্ছে। একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। একে একে সব রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোট ৫.১৮ কোটি ভোটার কমে গিয়েছে। ভোটার বাদ পড়েছেন সাড়ে ছ’কটির বেশি। পরে নাম যোগ হয়েছে ১ কোটি ২৫ লক্ষের কাছাকাছি। SIR প্রক্রিয়া শুরুর আগে এই ১২ রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৫০.৯৭ কোটি। সেটা আপাতত কমে দাঁড়িয়েছে ৪৫.৮১ কোটি। বাদ পড়া ভোটারের এই সংখ্যাটা মোট ভোটারের ১০ শতাংশেরও বেশি। এই যে ৫.১৮ কোটি ভোটার কমে গেলেন এদের মধ্যে স্রেফ মৃত ভোটার বাদ গিয়েছেন ৬৬ লক্ষ ৮৮ হাজার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত মৃত ভোটার এতদিন ভোটার তালিকায় কেন ছিল?

