দিল্লিতে সৎ বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তুলে বনগাঁ থানার দ্বারস্থ হল এক কিশোরী । অভিযোগ, নির্যাতনের কথা মাকে জানালেও তিনি গুরুত্ব দেননি । বরং ঘটনাটি চেপে যেতে বলেন । বনগাঁয় মাসির বাড়িতে বেড়াতে এসে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলে ওই কিশোরী । তার পরেই থানায় অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে সৎ বাবা ও কিশোরীর মাকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে । থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে কিশোরীর বাবার মৃত্যু হয় । এরপর মা কলকাতার বাগুইহাটিতে বসবাস শুরু করেন । পরে এক ব্যক্তিকে বিয়ে করলেও, সামাজিক মাধ্যমে বিহারের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর । অভিযোগ, সেই পরিচয়ের সূত্রেই কয়েক মাস আগে কিশোরীকে নিয়ে ওই যুবকের কাছে চলে যান তিনি । পরে তিন জন দিল্লিতে বসবাস শুরু করেন ।

কিশোরীর অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে দিল্লিতে অবাঙালি ওই সৎ বাবা তাকে লাগাতার যৌন নির্যাতন করতে থাকে । এমনকী কিশোরী ঘটনাটি তার মাকে জানালেও তিনি নাকি মেয়ের অভিযোগের কোনও গুরুত্ব দেননি । উলটে মেয়েকে ধর্ষণের ঘটনাটি চেপে যেতে বলেন । সম্প্রতি সৎ বাবা ও মায়ের সঙ্গে ওই কিশোরী দিল্লি থেকে বনগাঁয় মাসির বাড়িতে বেড়াতে এসেছিল । মাসির বাড়িতে কয়েকদিন থাকার পর শনিবার তিনজনের দিল্লিতে ফিরে যাওয়ার কথা ছিল । ফিরে যাওয়ার সময় মা ও সৎ বাবার সঙ্গে ওই কিশোরী আর যেতে চাইছিল না । তখন মাসির বাড়ির লোকেরা ওই কিশোরীকে মায়ের সঙ্গে ফিরে যাওয়ার কথা বলেন । তখন ওই কিশোরী ভীষণ কান্নাকাটি শুরু করে । অনেক বোঝানোর পর সে মাসি ও মেসোকে সৎ বাবার নির্যাতনের কথা জানিয়ে দেয় । মাসি ও মেসো ঘটনাটি শুনে স্তম্ভিত হয়ে যান । তাঁরা কিশোরীর সৎ বাবাকে চেপে ধরেন। তখন দিল্লির বাসিন্দা ওই যুবক কিশোরীকে ধর্ষণ করার কথা কবুল করে । মাসি ও মেসো রবিবার রাতে বনগাঁ থানায় কিশোরীকে নিয়ে যায়, সেখানে নির্যাতিতা কিশোরী সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে । তিনি কিশোরীর মায়ের বিরুদ্ধেও ধর্ষণের ঘটনা প্রশ্রয় দেওয়ার কথা অভিযোগপত্রে উল্লেখ করেছেন । রবিবার রাতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । ‌ সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।