ফি বকেয়া থাকলেও স্কুল থেকে বের করে দেওয়া যাবে না ছাত্র-ছাত্রীদের, নির্দেশ কলকাতা হাইকোর্টের । গত বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । সেই মামলায় গত বছর ১৩ অক্টোবর কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলিকে একাধিক ছাড় দিতে নির্দেশ দিয়েছিল । যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি স্কুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । আগামী ৫ এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে । তার আগে আজ অন্য একটি মামলায় শুনানি হয় কলকাতা হাইকোর্টে ৷ শুনানি শেষে বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন, কোনও ছেলেমেয়েকে স্কুলের ফি বাকি থাকার জন্য স্কুল থেকে বার করে দেওয়া যাবে না । এই বিষয়ে স্কুলগুলিকে লিখিত হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ এপ্রিল ।

