আগামী ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরসভা ভোট। হাওড়ায় পুরভোট নিয়ে বিজেপি-র অন্দরেই মতানৈক্য দেখা দিল প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে। বর্তমান বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন হাওড়ার আগামী ১৯ ডিসেম্বর কিছুতেই ভোট হতে দিতে চান না, সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘একসঙ্গে হোক বা আলাদা, বিজেপি পূর্ণশক্তিতেই পুরভোটে লড়বে।’ সম্প্রতি বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যের সব ক’টি পুরসভার বাকি থাকা ভোট একসঙ্গে না হলে মামলা করা হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বিরোধীরা বলছেন, আগামী ডিসেম্বর মাসে শুধু কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চাইছে রাজ্য সরকার। বকেয়া সব পুরসভায় একসঙ্গে ভোটের জন্য তাই আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বিজেপি। কিন্তু এমন এক পরিস্থিতিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘কলকাতাটা পরে দেখছি। কিন্তু নোটিফিকেশন অনুযায়ী যদি ১৯ ডিসেম্বর হাওড়ায় ভোট করাতে চায় সরকার, তাহলে পারবে না। আমরা করতে দেব না।’ এর ঠিক পরপরেই অবশ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”একসঙ্গে হোক বা আলাদা হোক, পূর্ণশক্তি দিয়েই বিজেপি ভোটে লড়বে। বিজেপি ভোট থেকে পিছিয়ে যাবে না।” অর্থাৎ, হাওড়ার পুরভোট নিয়ে এবার প্রকাশ্যে চলে এল দিলীপ-সুকান্ত মতানৈক্য।