২৭ বছর পর স্বাধীনতা দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর পোস্টার। যেখানে সেনাজওয়ানের পোশাকে সানির ‘ঢায় কিলো’র হাতে দেখা গেল মেশিন গান। পোস্টারেই হুঙ্কার, ‘আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব আমরা।’ ‘বর্ডার ২’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে। মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। প্রথম পোস্টারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২২ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত হাত মিলিয়ে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন। জানা গিয়েছে, এবারে অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ব্লকবাস্টার গান ‘সন্দেশে আতে হ্যায়’ শোনা যাবে। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। সঙ্গে টানটান গল্প আর আবেগ।

