পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেফতার করেছে । ঠিক তার পরপরই বুধবার সকাল থেকে বনগাঁ রেলস্টেশন ও পেট্রাপোল সীমান্তে পুলিশ ও প্রশাসন নজরদারি বৃদ্ধি করল ৷ দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে । প্রত্যেক বছর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বনগাঁ রেল স্টেশন ও পেট্রাপোল স্থলবন্দর চত্বরে স্বাধীনতা দিবসের আগে পুলিশ-প্রশাসনের বিশেষ অভিযান শুরু হয় । মঙ্গলবার রাতে হাবড়া থেকে পাক জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় চলতি বছর সেই তৎপরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে । বুধবার সকাল থেকে বনগাঁ জংশন ও পেট্রাপোল রেল স্টেশন জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । রেল পুলিশ ও আরপিএফ যৌথভাবে নিরাপত্তা পরিদর্শনের কাজ শুরু করেছে । স্টেশন চত্বরে মেটাল ডিটেক্টর ও বম্ব স্কোয়াড দিয়ে নিবিড় তল্লাশি চালানো হয় । স্টেশনে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে । ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন । যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যাতে দেশের অভ্যন্তরে কোনোরকম নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে, সেদিকে পুলিশ-প্রশাসনের নজরদারি রয়েছে । স্বাধীনতা দিবসের আগে বনগাঁ ও পেট্রাপোল রেলস্টেশন নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে । রেল পুলিশের পদস্থ কর্তারাও তল্লাশি অভিযানের সময় থাকছেন ।

