আগামী বছরের গোড়াতেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে টালা ব্রিজ। বিধানসভায় পূর্তমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, আগামী বছরের মার্চ–এপ্রিল নাগাদ খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ। ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে টালা ব্রিজের কাজ পুরোপুরি শেষ করার চেষ্টা হচ্ছে। উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল টালা ব্রিজ। পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে সেতু। সেই নতুন ব্রিজের উদ্বোধন হতে পারে মার্চ–এপ্রিলে। এটা ঘটনা, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার কিছু দিনের মধ্যেই ওই সেতু ভাঙার কাজ শুরু হয়ে যায়। উত্তর কলকাতার ওই গুরুত্বপূর্ণ সেতুটি জীর্ণ ছিল বলেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে সেতু তৈরি না হওয়া পর্যন্ত বিকল্প পথে গাড়ি চলছে। টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করার পরামর্শ আগেই দিয়েছিল রাইটস। তাদের মতকে সমর্থন জানিয়ে নবান্নে রিপোর্ট দিয়েছিলেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। ২০১৯ সালের অক্টোবরে তিনি রিপোর্ট জমা দেন তৎকালীন মুখ্যসচিবের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তখন অবশ্য পূর্তমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর মলয় ঘটক পূর্ত দপ্তরের দায়িত্বে। তিনিই মঙ্গলবার বিধানসভায় জানালেন, আগামী বছরের মার্চ–এপ্রিল নাগাদ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ।