banganews.net

মাত্র 70 দিন, এই অল্প সময়ের মধ্যেই ভারতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP) ৷ তাদের প্রবল আন্দোলনের চাপেই শেষ পর্যন্ত নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে শনিবার ইস্তফা দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এর নেপথ্যে কিন্তু রয়েছে গত ১৫ মার্চ শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ‘আরশোলা ও পরজীবী’ মন্তব্য ৷ তাই এদিন কেন্দ্রীয় সরকারকে মাথা নত করিয়ে সর্বপ্রধান দাবি আদায় হওয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ধন্যবাদ জানিয়েছেন সূর্য কান্তকে ৷ দীপকের কথায়, আমাদের ককরোচ বলার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ ৷ আপনি যদি আমাদের ককরোচ না বলতেন, তাহলে আজ ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেন না ৷ ৩৬ দিন আন্দোলনের পর ধর্মেন্দ্রর ইস্তফার খবর ঘোষণা হতেই এদিন যন্তর মন্তরে একপ্রস্থ সেলিব্রেশন করেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ তবে, দীপকে সাফ বলেন, আমরা আরশোলা ৷ একবার ঢুকলে সহজে জায়গা ছাড়ি না ৷ আরশোলাদের সঙ্গে পাঙ্গা নেবেন না ৷ আপাতত একজন ইস্তফা দিয়েছেন ৷ এখনও জোড়া দাবি আদায় বাকি ৷ দীপকের কথায়, গণতন্ত্রে প্রশ্ন করা বন্ধ করলে চলবে না ৷ যদি আপনি আওয়াজ তোলেন, তবেই সবকিছু ঠিকঠাক চলবে ৷ কারণ, ওরা ক্ষমতায় আছে আমাদের জন্যই ৷ সিজেপির বাকি দুই দাবি হল, নিট ইউজি প্রশ্নফাঁসের পর দুশ্চিন্তা, অবসাদে যে সমস্ত পড়ুয়া চরম সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা ৷