সিজেপি’র আন্দোলনকে দেশের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে দিয়েছিল তাঁর একটানা ২৬ দিনের অনশন ৷ শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় সেই সোনম ওয়াংচুক হাসপাতালের শয্যা থেকে লিখলেন “এটা গণতন্ত্রের জয় ৷”সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জুন মাসের প্রথম থেকে যন্তর মন্তরে বিক্ষোভ চালাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ৷ গত 28 জুন এই মঞ্চে যোগ দেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ৷ সিজেপির অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের পাশে থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন তিনি ৷ এই যোগদানই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করে ৷ যত দিন গিয়েছে ততই তীব্র হয়েছে আন্দোলন ৷ শেষ পর্যন্ত সিজেপি ও জেন Z-এর কাছে মাথা নত করেছে মোদি সরকার ৷ এই আবহে হাসপাতালের শয্যা থেকে ভিক্টি সাইন দেখিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন সোনম ওয়াংচুক ৷ তিনি লেখেন, “এটা গণতন্ত্রের জয়- সরসারি গণতন্ত্রের… একেবারে রাস্তা থেকে ৷ এটা শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয় ৷” সিজেপি’কে শুভেচ্ছা জানিয়ে পরিবেশকর্মী লেখেন, “সিজেপি, দেশের জেন Z এবং দেশের সব নাগরিকদের অভিনন্দন ৷ তারা দেশের প্রতিটি প্রান্ত থেকে ভয়-ভীতি ঝেড়ে উঠে দাঁড়িয়েছে ৷” সবশেষে সোনম লেখেন, “দায় থেকে এবার সংস্কারের পথে ৷” গত ২৪ জুলাই মধ্যরাতে মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জেপি নাড্ডার হাত থেকে চিকেন স্যুপ খেয়ে অনশন ভাঙেন ওয়াংচুক ৷

