নয়াদিল্লিঃ আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে নতুন বিধি নিয়ে এল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত মিশন এবং দ্বিপাক্ষিক চুক্তিতে যে বিমান পরিষেবা চলছে, সব ক্ষেত্রেই এই নিয়ম মেনে চলতে হবে। গত ৬ মে থেকে শুরু হয়েছে বন্দে ভারত বিমান পরিষেবা। এখন এই মিশনের পঞ্চম পর্যায় চলছে। অন্যদিকে দ্বিপাক্ষিক চুক্তিতে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কাতার, মলদ্বীপ ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতে বিমান পরিষেবা চলছে। আরও ১৩টি দেশের সঙ্গেও এই চুক্তি নিয়ে কথা চলছে বলে খবর। কেন্দ্র যে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (‌এসওপি)‌ জারি করেছে, সেই গুলি হল –
• বন্দে ভারত মিশনের আওতায় যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের নিজেদের নাম বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, কোথায় বাড়ি, কোথায় যাবেন, করোনা পরীক্ষা রিপোর্ট ইত্যাদি তথ্য দিতে হবে। তারপর জরুরি ভিত্তিতে বিদেশমন্ত্রকের তালিকা তৈরি হলেই তাঁরা দেশে ফিরতে পারবেন।
• দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রেই তালিকা তৈরি করবে বিদেশমন্ত্রক। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পরামর্শও নেওয়া হবে। শুধুমাত্র ভারতে ফিরতে চাওয়া যাত্রীদের জন্য নয়, ভারত থেকে বিদেশে যেতে চাওয়া যাত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম মানা হবে বলে জানানো হয়েছে এসওপিতে।
• ভিসার মেয়াদ শেষ হওয়ায় যাঁরা আটকে পড়েছেন বা যাঁদের শারীরিক সমস্যা আছে, এছাড়াও গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তি ও পড়ুয়াদের বন্দে ভারত মিশনের আওতায় আগে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে, জানাচ্ছে কেন্দ্র।