এবার কলকাতা থেকে খড়দহ ফেরি পরিষেবা শুরু করার ছাড়পত্র এসে গেল। শুক্রবার খড়দহ পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিনহার কাছে পরিবহণ দপ্তরের তরফে ফোনে এই অনুমোদনের কথা জানানো হয়। তাতে বলা হয়েছে, দিনপ্রতি ২টি করে ফেরি চলাচল করবে কলকাতা-খড়দহের মধ্যে। এই ফেরি পরিষেবা চালু হয়ে গেলে বি টি রোডের ২ ধারে থাকা মানুষের শুধু সমস্যা মিটবে না, ওপারে রিষড়া থেকে এপারে এসে অনেকে কলকাতাগামী ফেরিতে কর্মস্থলে বা অন্য কোনও কাজে যেতে পারবেন। চেয়ারম্যান বলেন, এদিন পরিবহণ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর আমাকে ফোন করে এই অনুমোদনের কথা জানান। শনিবার অথবা সোমবার অনুমোদনের চিঠিও চলে আসবে। শুধু এক্ষেত্রেই নয়, রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে খড়দহের বিবেকানন্দ স্টেডিয়ামে ‘সেফ হাউস’ তৈরির অনুমোদনও এদিন চলে এসেছে।

