দিন দিন বাড়ছে করোনা। এর মাঝেই রাজ্যে চলছে ভোটের প্রচার, মিটিং মিছিল, এইমত অবস্থায় রাজ্য সরকার কীভাবে লড়াই করছে করোনার সঙ্গে? কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য? গতকাল তা জানতে চেয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি টুইটে জানান, ‘রাজ্যে বাড়ছে করোনা। কী পরিস্থিতি? মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট দেখতে চাই। এনজিও-দের আবেদন করব রাস্তায় নেমে লড়াই করুন।’ যদিও আজকে সকাল পর্যন্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্‍ না করায় ফের টুইট করে জবাব চান। তারপর নবান্নে জরুরি বৈঠক সেরে রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে গিয়ে দীর্ঘ ৪০ মিনিট রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব রাজ্যপালকে রাজ্যের করোনা মোকাবিলায় নেওয়া যাবতীয় পদক্ষেপ সম্বন্ধে সমস্ত তথ্য জানিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, করোনা রোগীদের চিকিত্‍সার জন্য রাজ্যের বেসরকারি ও সরকারি হাসপাতাল গুলিতে বেডের সংখ্যা বাড়ানো, ডেডিকেটেড চিকিত্‍সাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেই সমস্ত বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত জানানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।