প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভারতে চিনা বাহিনী প্রবেশ করেনি’ মন্তব্য ঘিরে বিরোধী পক্ষের তুমুল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। এবার সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। চিনের অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। নিজেকে ঢাকতে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের শব্দচয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সতর্ক থাকা প্রয়োজন।এক বিবৃতিতে বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনই কূটনীতি ও নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না। মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, তিনি কী বলছেন, তার তাৎপর্য যেন মাথায় রাখেন।’ তিনি আরও বলেন, ‘কর্নেল সন্তোষ বাবু ও আমাদের জওয়ানদের আত্মত্যাগের কথা যেন তিনি মাথায় রাখেন এবং সর্বশক্তি দিয়ে দেশের ভূখণ্ড রক্ষা করেন। তার কম কিছু করা মানে দেশের লোকের বিশ্বাসের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে। প্রধানমন্ত্রীর ভুলকেই কাজে লাগাচ্ছে বেজিং।’প্রসঙ্গত, সর্বদল বৈঠক এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে চীনের কোনো আগ্রাসন হয়নি। সীমান্ত লঙ্ঘন করতে পারেনি চিন সেনা। কোনো সেনা চৌকিতে দখল করতে পারেনি চীন। ভারত মাতার দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছিল যারা তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে। ভারত শান্তি ও উন্নয়ন চায়, ভারত কখনো বাইরের শক্তির কাছে মাথা নত করেনি, করবেও না। দেশের সুরক্ষায় যা যা প্রয়োজন সব করা হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।