আজও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকের কুয়াশা কেটে গেলেও মেঘলা আবহাওয়াই বেশিরভাগ সময় দেখতে পাবেন শহরবাসী। কুয়াশার সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট থাকবে। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে।‌ মেঘের ঘনঘটার মধ্যেই রাজ্যের তাপমাত্রা কমল বেশ কয়েক ডিগ্রি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি এবং তুষারপাতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং। আগামী সপ্তাহে আবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে।উত্তর ভারতের জেড স্ট্রিম উইন্ড ছাড়া আর সেভাবে কোনও সিস্টেম নেই। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিল্লি-সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে। সঙ্গে জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে কোল্ড ওয়েভ ও কোল্ড ডে পরিস্থিতি।