রবিবার দুবাইতে ভারত-পাক ম্যাচে গ্যালারিতে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ভারতের জয়ের পর জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। ভাইরাল হয়েছে এশিয়া কাপে গ্যালারিতে উপস্থিত জয় শাহর জাতীয় পতাকা হাতে নিতে না চাওয়ার ভিডিও। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে আজ সকালেই এই নিয়ে টুইট করে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জয় শাহর কাজ শাসকদলের ‘বৃহত্তম ভন্ডামী’র উদাহরণ। সোমবার একের পর এক তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন সভা থেকেও এই বিষয়ে সুর চড়ালেন অভিষেক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করেন, দেশের পতাকা হাতে নিতে নারাজ ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ করে দেখান অথবা ইস্তফা দিন। প্রশ্ন তোলেন, যারা বিদেশের মাটিতে ভারতের জয়ের পর জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পায়, তাদের কাছ থেকে দেশাত্মবোধ শিখতে হবে? দেশকে ভালবাসার সার্টিফিকেট নিতে হবে? বাংলা যে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান, গেরুয়া শিবিরকে সেকথাও মনে করিয়ে দেন। জয় শাহর প্রসঙ্গে মোদির পরিবারতন্ত্র খোঁচার জবাব দেন তৃণমূল নেতা। মনে করিয়ে দেন, যে কোনওদিন ব্যাট ধরেনি, বল করেনি সে বোর্ডের সচিব! কীভাবে? এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ- বিদেশের মাটিতে যে দেশের পতাকা হাতে নিতে লজ্জা পায়, এমন ছেলেকে ত্যাজ্যপুত্র করে দেখান অথবা ইস্তফা দিন। অভিষেক অভিযোগ করেন, আসলে জয় শাহর কাছে দেশ আগে নয়। বরং পদ ও পরিবার আগে। ‘কুলাঙ্গার ছেলে’কে বরখাস্ত করুক বিসিসিআই, দাবি করেন তিনি। এই প্রসঙ্গে মিডিয়াকেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জয় শাহর জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গ টিভিতে দেখানো হবে না বলেও কটাক্ষ করেন তিনি।