banganews.net

অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন । বুধবার সকাল 10টা নাগাদ নিজেই গাড়ি চালিয়ে থানায় পৌঁছন তিনি । ক্যামাক স্ট্রিটে হোর্ডিং সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও ধস্তাধস্তির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল কলকাতা পুলিশ । সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই এদিন থানায় হাজিরা দেন তিনি । ডেরেক ও’ব্রায়েন থানায় পৌঁছনোর আগেই জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু করে দেয় পুলিশ । তদন্তকারী আধিকারিকও ইতিমধ্যে থানায় পৌঁছে গিয়েছেন বলে খবর । ডেরেকের কাছ থেকে ঘটনার দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইতে পারেন তদন্তকারীরা । ক্যামাক স্ট্রিটের ওই ঘটনায় ঠিক কী হয়েছিল, ঘটনার সময় ডেরেক ও’ব্রায়েনের ভূমিকা কী ছিল এবং ঘটনাস্থলে তাঁর উপস্থিতির সময় কী কী ঘটেছিল- মূলত সেই বিষয়গুলিই তদন্তকারীদের প্রশ্নের কেন্দ্রে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । তদন্তকারীদের নজরে রয়েছে ঘটনার সময়কার ছবি ও ভিডিয়ো ফুটেজ । ইতিমধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ডেরেক ও’ব্রায়েনকে আচমকাই মাটিতে পড়ে যেতে দেখা যায় । সেই ছবি এবং ঘটনার প্রেক্ষাপট নিয়েও তাঁকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা । কীভাবে তিনি পড়ে গিয়েছিলেন ? কেউ তাঁকে ধাক্কা দিয়েছিল কি না, নাকি ধস্তাধস্তির মধ্যে কোনওভাবে ভারসাম্য হারিয়ে পড়ে যান ? এ ধরনের প্রশ্নের উত্তর তাঁর কাছ থেকে জানতে চাইতে পারেন তদন্তকারীরা । শুধু ডেরেকের পড়ে যাওয়ার ঘটনাই নয়, সেদিনের গোটা পরিস্থিতি সম্পর্কেও তাঁর কাছ থেকে তথ্যসংগ্রহ করতে চাইছে পুলিশ । বিশেষ করে ক্যামাক স্ট্রিটে পুরকর্মী ও পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় ঘটনাস্থলে কে কে ছিলেন এবং কী ঘটেছিল, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা । অভিযোগ, ঘটনার সময় কর্তব্যরত কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীর গায়েও হাত তোলা হয়েছিল । পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও উঠেছিল । সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ডেরেক ও’ব্রায়েন কী দেখেছিলেন, তাঁর সামনে কোনও পুলিশকর্মীর সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল কি না, অথবা পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা তিনি দেখেছিলেন কি না- সেই বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পাশাপাশি, ঘটনার আগে ও পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা কারা ছিলেন, তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল এবং গোটা পরিস্থিতি কী ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, সে সম্পর্কেও তথ্য জানতে চাইতে পারেন তদন্তকারীরা ।ডেরেক ও’ব্রায়েনের হাজিরাকে ঘিরে এদিন শেক্সপিয়র সরণি থানার বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে । মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী । থানার বাইরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে ।তদন্তকারীদের হাতে থাকা সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিয়ো এবং অন্যান্য তথ্যের সঙ্গে ডেরেকের বক্তব্য মিলিয়ে দেখা হতে পারে । তাঁর বয়ান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলেই পুলিশ সূত্রে খবর ।ক্যামাক স্ট্রিটের ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতার নাম উঠে এসেছে । এই পরিস্থিতিতে ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেদিকেই নজর রয়েছে ।