একুশে জুলাই রাজ্যের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ দিন ৷ এবারের ছবিটা একেবারে আলাদা ৷ কারণ, তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত ৷ দলের রাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই ৷ পরিষদীয় দলের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গিয়েছে ৷ তাঁর অনুগামীরাই এখন নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করছেন ৷ এই আবহে আসন্ন একুশে জুলাইয়ের অনুষ্ঠান কারা করবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে তুমুল দড়ি টানাটানি চলছিল ৷ অবশেষে ‘আসল তৃণমূল’ অর্থাৎ ঋতব্রত শিবির মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে অনুষ্ঠান করার ছাড়পত্র পেয়েছে ৷ আর সেই মঞ্চেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল ৷ ​যে নেত্রীর হাত ধরে তেত্রিশ বছর আগে একুশে জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তাঁকেই আমন্ত্রণ জানাচ্ছে তাঁরই হাতে গড়া দলে ভাঙন ধরানো অংশ ৷ সোমবার বিকেলে মেয়ো রোডে সমাবেশস্থল পরিদর্শনে যান ঋতব্রতপন্থীরা ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সকলেই ওঁকে পরামর্শদাতা হিসেবে চাই ৷ চাই উনি আসুন ৷” এই একটি বাক্যেই রাজ্য রাজনীতির বর্তমান সমীকরণ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ যাঁর ডাকে একসময় ধর্মতলার রাজপথে লাখো মানুষের ঢল নামত, আজ তিনি সেই একুশের মঞ্চেই আমন্ত্রিত অতিথি ! অন্যদিকে, ‘কালীঘাট তৃণমূল’ অর্থাৎ মমতা-পন্থীরা এই দিনটিতে ঠিক কী কর্মসূচি পালন করবেন বা তাঁরা আদৌ কোনও পাল্টা সমাবেশ করবেন কি না, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ৷