নয়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত বুকিং বা বাতিল করা যাবে ট্রেনের টিকিট। সমস্ত স্পেশাল ট্রেনের ক্ষেত্রে ১০ অক্টোবর থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। ফলে অনেকটাই সুবিধা হবে রেল যাত্রীদের। করোনা পরিস্থিতির আগে ট্রেন ছেড়ে যাওয়ার আধ ঘন্টা আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হত। মার্চ মাস থেকে বন্ধ রয়েছে এই নিয়ম। ফের সেই নিয়ম চালু করল ভারতীয় রেল। করোনা অতিমারির কারণে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট এই কয়েক মাস তৈরি করা হচ্ছিল ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে। প্রথম চার্টটি তৈরি করা হয় ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে। ভারতীয় রেলের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, জোনাল রেলের অনুরোধ রাখতে এবং সব রেল যাত্রীদের সুবিধার জন্যে বিষয়টি ভালো করে বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয় রিজার্ভেশন চার্টটি ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে তৈরি করা হবে। একই সঙ্গে অনলাইনে বা পিআরএস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সুবিধাতেও কিছু রদবদল আনা হচ্ছে। সেকেন্ড চার্ট তৈরি করার আগে পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যাবে। ১০ অক্টোবর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

