সরকারি বাস পূর্ণ দমে চললেও রাস্তায় নামেনি বেশির ভাগ বেসরকারি বাস। কেননা বেসরকারি বাসের মালিকেরা জানিয়ে দিয়েছেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরানো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। রাজ্য সরকারের চাপে রাস্তায় কিছু বাস নামলেও তার সংখ্যা খুবই কম। ফলে সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিসযাত্রীদের। এই অবস্থায় আগামীকালপরিবহন দফতরে বেসরকারি বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্দেশ্য সমস্যার জট কাটানো। যদিও বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, সরকার বাস ভাড়া না বাড়ালে বাস রাস্তায় নামানো হবে না। সংগঠনের তরফে বাস মালিকদের এই নিয়ে কোনও রকমের জোরাজুরিও করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামিকালের বৈঠকে ডাকা হয়েছে, বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সুবার্বন বাস সার্ভিসেস, মিনিবাস আপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল অন্ড মিনিট বাস ওনার্স এসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সব বেশকিছু বাস মালিকদের সংগঠনকে। গতকাল রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, ‘বাসের ভাড়া নিয়ে সমস্যার কথা আমরা জানি। সরকার বিষয়টা দেখছে। বাস মালিকদের আমরা বার বার বলেছি বাস চালাতে।’