২ যুবতীকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাসিনীতে ৷ তাঁরা একটি ব্যান্ডের অর্কেস্ট্রার সদস্য ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই গ্রামের একটি বাড়ি দরজা ভেঙে ব্যান্ডের দুই মহিলা সদস্যকে তুলে নিয়ে যায় স্থানীয় ৭ যুবক ৷ রাতভর তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এ দিন সকালে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ডেবরার মাড়তলা এলাকায় ব্যান্ডের রিহার্সাল সেরে বাড়ি ফিরছিলেন ২ যুবতী ৷ রাত হয়ে যাওয়ায় বৌলাসিনী ভগবানপুর এলাকায় এক মহিলার বাড়িতে আশ্রয় নেন তাঁরা ৷ অভিযোগ, মাঝরাতে ওই মহিলার বাড়ির দরজা ভেঙে ২ জনকে স্থানীয় ক্লাবের ৭ যুবক তুলে নিয়ে যায় ৷ মুখ বেঁধে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যাতে কাউকে কিছু না জানায় ৷ ঘটনার পর আতঙ্কিত ২ নির্যাতিতা সোমবার দুপুরে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তরা অধিকাংশই ডেবরার বাসিন্দা ৷ ইতিমধ্যে, এই ঘটনায় নির্যাতিতা ২ যুবতী অসুস্থ হয়ে পড়ায় তাঁরা বর্তমানে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
ডেবরায় দরজা ভেঙে দুই যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৭ অভিযুক্ত যুবক
Byবঙ্গনিউজ
Aug 23, 2022
