ভারতের উপর অতিরিক্ত শুল্ক কার্যকর করল আমেরিকা ৷ বুধবার থেকেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে ৷ এ সংক্রান্ত একটি খসড়া নোটিস জারি করেছে ট্রাম্প প্রশাসন ৷ তবে ২৪ ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমাদের উপর যদিও চাপ আসুক, ভারত কারও চাপের কাছে মাথা নোয়াবে না। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা আগেই ঘোষণা করেছিল আমেরিকা। বুধবার থেকে তা কার্যকর হতে চলেছে ৷ এ নিয়ে কোনও নির্দেশিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা না-হলেও নির্দেশিকার খসড়া ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ৷ ২৭ অগস্ট অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল থেকে আমেরিকায় রফতানিকৃত ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নেবে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক-জরিমানার হুঁশিয়ারি প্রসঙ্গে সোমবারই ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার আবহে সোমবার গুজরাতে মোদি জানান, আমাদের উপর চাপ বাড়তে পারে কিন্তু ভারত কারও চাপের কাছে মাথা নোয়াবে না। মোদি বলেন, “দেশের কৃষক ও গবাদি পশুপালকদের স্বার্থ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট দোকানদার, কৃষক, গবাদি পশুপালকদের বলব, আমি মহাত্মা গান্ধির ভূমি থেকে বলছি। আমার দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, গবাদি পশুপালক যাই হোক না কেন, আপনাদের স্বার্থ মোদির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সরকার কখনওই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, গবাদি পশুপালকদের কোনও ক্ষতি করতে দেবে না। যতই চাপ আসুক না কেন, ভারত কারও চাপের কাছে মাথা নোয়াবে না।”

