বাংলায় বিজেপির অভাবনীয় সাফল্য ও জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হোয়াইট হাউসের পক্ষ থেকে এই জয়কে ‘ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী জয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে । এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করেন ৷ তখনই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই অভূতপূর্ব ‘ব্রেক-থ্রু’ জয়ের জন্য শুভেচ্ছা জানান ট্রাম্প । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রথমবারের মতো পদ্ম ফুটিয়ে বাংলার মসনদে বসছে বিজেপি ৷ সেই ঐতিহাসিক ও নির্ণায়ক নির্বাচনী জয়ের জন্যই মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, “মাত্র গত মাসেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির টেলিফোনে কথা হয় ৷ সেই সময়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির প্রতি তাঁর গভীর প্রশংসা ব্যক্ত করেছিলেন ৷ তিনি বলেছিলেন যে, তাঁকে (প্রধানমন্ত্রী মোদি) নেতা হিসেবে পেয়ে ভারত কতটা ভাগ্যবান ৷” তিনি আরও যোগ করেন, “এই সাম্প্রতিক, ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন ৷” সোমবার, ভোট গণনার পর দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি ৷ এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের অবসান ঘটেছে । বিজেপি বাংলার পাশাপাশি অসমেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় নিজেদের অবস্থান ধরে রেখেছে । অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সহযোগী দল এনআর কংগ্রেসের জোট সঙ্গী হিসাবে দ্বিতীয়বার ক্ষমতা দখল করেছে বিজেপি । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের একটি অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের এই উৎসাহ এবং অভিনন্দন বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।