দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি দুর্যোগ । অগস্টের শেষ দিন সোমবার পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী দু’দিনে তা আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা অতিক্রম করবে । ফলস্বরূপ উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা । সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে । উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

দক্ষিণবঙ্গ

শনিবার থেকে বৃষ্টি দুর্যোগ শুরু হয়েছে । আজ রবিবার এবং আগামিকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ৷ রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ।

কলকাতা

আগামিকাল সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও । আজ রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা ।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার বৃষ্টি বাড়তে পারে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ।