গতকাল (4 মে) পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে পরাজিত। নির্বাচনের ফলাফল সামনে আসতেই কটাক্ষের সুর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর গলায় ৷ তিনি মমতাকে কটাক্ষ করার পাশাপাশি তাঁর পরাজয়ে আনন্দও প্রকাশ করেন। তিনি দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ওপর বাংলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ৷ বিবেক জানান যে, বিজেপি আসায় এরপর বাংলার মানুষ নির্ভয়ে বাঁচবে। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি আটকে দেওয়া সংক্রান্ত একটি পুরনো ভিডিয়ো প্রকাশ করে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি নিজের মতামত ব্যক্তও করেন ৷ তিনি লেখেন, “আর কখনও না। যারা জানেন না, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাংলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ৷ ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমাকে বাংলায় আসতে দেওয়া হবে না।”