‘আন্তর্জাতিক যোগ দিবস’ উদযাপন অনুষ্ঠানে সকল সরকারি কর্মীকে বাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করতে হবে। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করল শুভেন্দু অধিকারীর সরকার। সরকারের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদেরও এই অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। রবিবার সকাল। ছুটির দিন। তাতে কী হয়েছে! সেদিন তো ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। এড়ানোর সুযোগই নেই রাজ্যের সরকারি কর্মচারীদের। শুভেন্দু অধিকারী সরকারের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে সরকারি কর্মীদের। অর্থাৎ, ছুটির দিন ঘুম ভেঙে যোগা ম্যাট হাতে হাজিরা দিতে হবে সরকারি চাকরিজীবীদের। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এবার একটু জাঁকজমক করেই যোগ দিবস পালন হবে। সেই অনুষ্ঠান নিয়েই জারি হয়েছে বিস্তারিত নির্দেশিকা। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট দফতর, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে কর্মীদের। শুধু সরকারি দফতর নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও করতে হবে। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২১ জুন দেশব্যাপী ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির সকল কর্তা ও কর্মীদের, যার মধ্যে স্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরি-ভিত্তিক, অস্থায়ী কর্মী, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিক ভিত্তিতে নিযুক্ত কর্মী সকলেই রয়েছেন, ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের নিজ নিজ কার্যালয়, বাসস্থান, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে (মনোনীত হলে) উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই দিনটি পালন করতে হবে।“

