আজই ঘোষিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ। পরীক্ষার সূচি জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২০২২ সালে ২৩ এপ্রিল হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা। বোর্ডের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে শুরু হবে ফর্ম ফিলাম। পরীক্ষাকেন্দ্রে গিয়ে ওএমআর শিটে দিতে হবে পরীক্ষা। তবে কবে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, তা বোর্ডের তরফে এখনও জানানো হয়নি। গতবার কোভিড পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। জুলাই মাসে হয়েছিল পরীক্ষা। অফলাইনেই হয়েছিল পরীক্ষা। ফল প্রকাশিত হয়েছিল ১৪ অগস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং শেষ করা হয়েছিল।