জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ দিয়ে ওই মহিলা এবং তাঁর প্রতিবেশীকে প্রথমে বাড়ি থেকে বের করে মারধর করে গ্রামবাসীরা। এরপর ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়েও শান্তি হল না। মহিলার চুল কেটে নগ্ন করে দেওয়া হল গ্রামের সীমান্তে! তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। তবে থানায় কোনও লিখিত অভিযোগ জমা না পড়ার কারণে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। একদিন বাপের বাড়িতে কাটানোর পর বেতগাড়ায় নিজের শ্বশুরবাড়িতে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, এই খবর পেয়েই গ্রামের সীমান্তে হাজির হয় গ্রামের মহিলাদের একটি গোষ্ঠী। গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ওই মহিলাকে। অনুনয়-বিনয় শোনা তো দুরস্ত। আচমকাই ফের তাঁর উপর চড়াও হয় প্রমীলা বাহিনী। মহিলার চুল কেটে দেওয়ার পাশাপাশি তাঁকে বিবস্ত্র করে দেওয়া হয়। বিষয়টি জানতে পারা মাত্র ঘটনাস্থলে পৌঁছন মহিলার স্বামী দীনবন্ধু রায়। স্ত্রীকে উদ্ধার করার পর বৃহস্পতিবার ময়নাগুঁড়ি থানায় ১১জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা জলপাইগুড়ির ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভদ্রমোহন এলাকার বাসিন্দা। অভিযোগ, এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। যা জানাজানি হতেই অশান্তির সূত্রপাত। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

